প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২৬, ৫:০৩ এ.এম
নাহিদকে ইশরাক: মামলা দিলে নিজেই জেলে যাবো
অ-অ+
অনলাইন ডেস্ক:
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে যেন তার নামে একটি মামলা দায়ের করা হয়। মামলা হলে তিনি নিজেই স্বেচ্ছায় গিয়ে আত্মসমর্পণ করবেন এবং জেলে চলে যাবেন।
গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইশরাক লেখেন, তার পদত্যাগের প্রেক্ষাপটে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম মাদক নির্মূলের বিষয়টি এড়িয়ে তার ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ দিয়েছেন। ইশরাক অভিযোগ করেন, মাদকের মতো একটি মারাত্মক সামাজিক ব্যাধি ও এর প্রতিকার নিয়ে কোনো কথা না বলে উল্টো তাকে আইনি প্যাঁচে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আইনপ্রণেতা হয়ে পুলিশ সঙ্গে নিয়ে বৈধ উপায়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েও যদি তাকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়, তবে এমন ব্যবস্থার কোনো ভবিষ্যৎ নেই। বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জেন-জি প্রজন্ম এদের মাধ্যমে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন বা নতুন বন্দোবস্ত পাবে না। পরোক্ষভাবে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, প্রচলিত নিয়মে বা ঘোড়ার ডিমের রাজনীতি করে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, তাই মাদক ডিলার ও বিক্রেতাদের দমনে ভিন্ন ও কঠোর পথ বেছে নিতে হবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার দুপুরে ব্যক্তিগত কারণ ও বিভিন্ন ইস্যুতে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন। তার এই পদত্যাগ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই স্ট্যাটাসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more