মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি নিহত

Date: 2026-03-13
news-banner

অনলাইন ডেক্স
মালদ্বীপের দিগুড়া দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দু’জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানের গেস্ট হাউসে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে গেস্ট হাউসের ভেতরে থাকা সাতজন বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানী মালেতে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের একজন আইসিইউতে এবং অপরজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খোঁজ নিতে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও চলছে।


তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/ সুমাইয়া সিমু

Leave Your Comments