কুয়াকাটায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

Date: 2026-04-19
news-banner

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি-
ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।
“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে কুয়াকাটা চাররাস্তার মোড়ে পূবালী ব্যাংক আলীপুর উপ-শাখার উদ্যোগে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুয়াকাটা পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় চাররাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক আলীপুর উপ-শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. কাজী রেজাউল ইসলাম রিয়াজ।

fHZ2ILm.jpeg
এ সময় বক্তব্য দেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন এবং হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খানসহ স্থানীয় ব্যবসায়ী ও অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে কুয়াকাটায় ব্যাংকের সেবা বাড়ানোর পাশাপাশি একটি পূর্ণাঙ্গ শাখা বা বুথ স্থাপনের দাবি জানান তারা।
অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বিভিন্ন সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রি হিসাব খোলা, ডেবিট কার্ড প্রদান, মোবাইল ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, বায়োমেট্রিক সেবা, ব্যবসায়ীদের জন্য পিওএস মেশিন এবং বাংলা কিউআর কোড সুবিধা।
গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে কুয়াকাটায় একটি ইলেকট্রনিক বুথ স্থাপনের ঘোষণা দেয় পূবালী ব্যাংক কর্তৃপক্ষ।

Leave Your Comments