অনলাইন ডেক্স: খুলনার কয়রা থেকে বিয়ে শেষ করে বরযাত্রী
নিয়ে ফেরার পথে বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি মাইক্রোবাস।
বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বর এবং তার মাসুম
দুই যমজ নাতিসহ একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও কনে পক্ষের
আরও তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ জন। মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির
সভাপতি আব্দুর রাজ্জাক তার ছেলে সাব্বিরের বিয়ের জন্য বুধবার (১১ মার্চ) রাতে খুলনার
কয়রায় যান। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (১২ মার্চ)
দুপুরে ১৫ জন সদস্য নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের
রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি
বাসের সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বর সাব্বির, তার
বাবা আব্দুর রাজ্জাকসহ পরিবারের ১০ সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই যমজ শিশুও
রয়েছে। এছাড়াও নিহত হয়েছেন মাইক্রোবাস চালক নাঈম (বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা)
এবং কনে মিতুর পরিবারের তিন সদস্য। বর্তমানে আব্দুর রাজ্জাকের স্ত্রী ও এক
ছেলে গুরুতর আহত অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাটের রামপাল থানার পরিদর্শক (তদন্ত)
সুব্রত মন্ডল জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি
১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যার দিকে জেলা প্রশাসক
ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে, কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ এই দুর্ঘটনার জন্য নৌবাহিনীর গাড়ির বেপরোয়া চলাচলকে
দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, মহাসড়কে নৌবাহিনীর গাড়িগুলোর বেপরোয়া গতির
বিষয়ে বারবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি, যার ফলশ্রুতিতে আজ এই ভয়াবহ প্রাণহানি
ঘটলো।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more