কালকিনিতে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
নভেম্বর ২৮, ২০২৬, ৪:৩২ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৮, ২০২৬, ৪:৩২ এ.এম
কালকিনিতে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
অ-অ+
অনলাইন ডেস্ক:
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতের এই সংঘর্ষের সূত্রপাত হয় রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। আকস্মিক সংঘর্ষ ও বিস্ফোরণে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।
পুলিশের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার পার হয়ে উপজেলা সদরের দিকে অগ্রসর হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আসে।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং উভয় দিক থেকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে এলাকায় চরম উত্তেজনা ও ভীতির সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি সদস্যরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, তাদের দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং কোনো সংঘাতে জড়াতে চায় না; বরং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এলাকায় অস্থিতিশীলতা ও নৈরাজ্য তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more