প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৪:২৮ এ.এম
হোমিওপ্যাথিক ওষুধ আমদানিতে মাদক আইনের জটিলতা
অ-অ+
অনলাইন ডেস্ক:
সংশোধিত মাদক আইনের অস্পষ্টতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নির্দেশনার কারণে দেশে মারাত্মক হোমিওপ্যাথিক ওষুধ-সংকট দেখা দিয়েছে। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই ফিনিশড ডোজেজ ফর্ম ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত তৈরি করেছে এ প্রশাসনিক জটিলতা। ফলে গত দুই বছর ধরে আমদানি কার্যক্রম প্রায় বন্ধের উপক্রম হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে চিকিৎসাসেবা, হাসপাতাল ও রোগীদের ওপর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমদানিকারকদের লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠায়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ১০ ধারার উপধারা ১(গ) এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭৪ ধারার উল্লেখ করা হয়। তবে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ফিনিশড ডোজেজ ফর্মের লাইসেন্সসংক্রান্ত বিষয়টি আইনে স্পষ্ট নয় এবং এর ফলে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন পরিমাণ রাজস্ব দেওয়ার মতো বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বর্তমানে ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান এবং ২৬টি উৎপাদনকারী কোম্পানি এই প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে। উচ্চ আদালতে মামলা ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও সমস্যার সমাধান মেলেনি।
ওষুধের তীব্র সরবরাহ-সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিন প্রায় চার শতাধিক রোগী আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। অনেক রোগী বিভিন্ন দোকান ঘুরেও ওষুধ না পেয়ে খালি হাতে ফিরছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন সেখ জানান, টিউমার, কিডনি ও হার্টের মতো জটিল রোগের অত্যাবশ্যকীয় ওষুধ আমদানি বন্ধ রয়েছে। মাদার টিংচার ও তরল পটেন্সি তৈরিতে অ্যালকোহল কেবল দ্রাবক ও সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়। স্বল্পমাত্রার এই চিকিৎসাসামগ্রীকে মাদক গণ্য করা সম্পূর্ণ অযৌক্তিক। আইনে হোমিওপ্যাথিক ওষুধকে অব্যাহতির দাবি জানান তিনি।
পরিস্থিতি নিরসনে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম আইন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে মাদক আইনের সংজ্ঞায় 'হোমিওপ্যাথিক ওষুধ ব্যতীত' বাক্যটি সংযোজনের অনুরোধ করা হয়। পাশাপাশি ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মজিবুল্যাহ মজিব ও ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাক বিন হোসাইন জানান, ১৯৪৬ সালের ড্রাগ রুলস, ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ও ২০২৩ সালের কসমেটিকস আইনের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই চিঠি সম্পূর্ণ সাংঘর্ষিক। আইনের তপশিলে ভুলবশত অ্যালকোহলযুক্ত হোমিও ওষুধের নাম থাকায় এ জটিলতা তৈরি হয়েছে।
অন্যদিকে, প্রশাসনিক অবস্থান পরিষ্কার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, আইন ও তপশিল অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন। তবে আইনে যদি কোনো অস্পষ্টতা বা সুনির্দিষ্ট যৌক্তিক জটিলতা থেকে থাকে, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের দিকে নেওয়া যেতে পারে। দ্রুত এ আইনি অস্পষ্টতা নিরসন না হলে দেশের কম খরচের স্বাভাবিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা চরম হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more