সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফেরত বা প্রদান সংক্রান্ত একটি সাম্প্রতিক চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বরাবর লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পাঠানো ওই চিঠির সত্যতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ও যাচাই-বাছাই শুরু করেছে বাংলাদেশ।
এক ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা চিঠিটি পরীক্ষা-নিরীক্ষা করে স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পেয়েছেন। এ বিষয়ে হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে বিস্তারিত কথা বলার দাবি জানিয়ে তিনি বলেন, যাচাইয়ের পর তারা দেখতে পেয়েছেন চিঠিতে থাকা স্বাক্ষরটি নকল।
রাশেদ খানের মতে, একজন ব্যক্তির স্বাক্ষর তাঁর পূর্ববর্তী স্বীকৃত নথিপত্র—বিশেষ করে এনআইডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সব সরকারি নথিতে বাংলায় স্বাক্ষর করতেন, তাই এ ধরনের আবেদনে ভিন্ন বা জাল স্বাক্ষর থাকার কথা নয়। এক ব্যক্তির একটিই স্বাক্ষর থাকা উচিত উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, স্বাক্ষরের ভাষা বাংলা নাকি ইংরেজি তা যাচাই না করে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা কীভাবে চিঠিটি পাঠালেন। তাঁর ভাষায়, অপরাধীরা সবসময় কিছু সূত্র রেখে যায় এবং চিঠিতে স্বাক্ষর জালিয়াতির ক্ষেত্রেও একই ভুল করা হয়েছে।
সংশ্লিষ্ট নথিপত্রগুলো আওয়ামী লীগের নেতারাও তাঁদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তবে চিঠির প্রকৃত সত্যতা এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইমেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে হাসিনার আইনজীবীরা তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ বারবার তাঁর প্রত্যর্পণ চাইলেও ভারত এ বিষয়ে সাড়া দেয়নি। গত আগস্টে তিনি প্রথম আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান। এদিকে, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more