গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পথে যুক্তরাষ্ট্র
নভেম্বর ১০, ২০২৬, ৪:৪৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৪:৪৫ এ.এম
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পথে যুক্তরাষ্ট্র
অ-অ+
অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের জোরালো প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।
ইসরায়েলি সংবাদ সাইট ‘ওয়ালা’-র বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিকভাবে গাজায় প্রায় ২৫০ জন বিদেশি সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে। যদিও এর আগে ইসরায়েল গাজায় কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যের প্রবেশের কথা বলেছিল, কিন্তু সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। এমনকি গত আগস্ট মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের অনুমোদনের বিষয়টি অস্বীকার করেছিলেন। ওয়ালার তথ্যমতে, প্রস্তাবিত এই আন্তর্জাতিক বাহিনীতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। এর মধ্যে কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা এবং কসোভো নিরাপত্তা ও পুলিশিং মিশনে অবদান রাখার প্রস্তাব দিয়েছে। এই বাহিনী মোতায়েনের পরিকল্পনাটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি গাজা সীমান্তের কাছে মার্কিন সেনা এবং অন্য দেশের কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের সাথে বিদেশি কর্মকর্তাদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দেখা গেছে, যা বহুজাতিক বাহিনী ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’-কে গাজার গভীরে প্রবেশের প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমান্তের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের একটি নির্ধারিত ঘাঁটিতে ইতিমধ্যে ট্রাক, সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা-উদ্ধার যান এবং মেশিনগানসজ্জিত সাঁজোয়া যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ও যানবাহন সরিয়ে নিয়েছে। এই ঘাঁটিটি মূলত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি ছিল, যা বর্তমানে যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হয়েছে। ঘাঁটিটির চারপাশে গার্ড টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা বসানো হয়েছে এবং বেষ্টনী বেড়া মজবুত করা হয়েছে। সশস্ত্র মার্কিন সেনারা সার্বক্ষণিক এই ঘাঁটির নিরাপত্তা দিচ্ছেন।
এদিকে, কোনো অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে জাফায় তার বাড়ি থেকে আটক করা হয়েছিল। মুক্তির পর শাদেহ বলেন, তাকে আটক করার ঘটনাটি কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর জন্য একটি রাজনৈতিক পদক্ষেপ। তিনি সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আইনি অধিকার সংগঠন ‘আদালাহ’ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদের সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল। তবে শাদেহের আইনজীবী হাদিল আবু সালিহ জানান, প্রথম দিন থেকেই স্পষ্ট ছিল যে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য কথোপকথন। সালিহ অভিযোগ করেন, বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণে এবং তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাওয়ার কারণে এই আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করার চেষ্টা করা হচ্ছে। গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযানে তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং তার মোবাইলসহ ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more