বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
Date: 2026-07-13
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ১২:৩৯ পি.এম
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
অ-অ+
অনলাইন ডেস্ক:
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর ড. মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ক্যানসার গবেষণা বিষয়ের একজন স্বনামধন্য গবেষক। বর মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সন্তান হওয়ায় এই বিয়ের মাধ্যমে মাদারীপুরের পুত্রবধূ হলেন দীপ্তি। রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি তাদের বিয়ের আকদ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুভূতি ব্যক্ত করে দীপ্তি চৌধুরী জানান, পারিবারিক আবহে তাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবার আমন্ত্রণ থাকবে। নতুন জীবনের পথচলায় তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
বর ড. মুশতাক ইবনে আইয়ুব মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামের সন্তান। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
ঘরোয়া এই আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে চ্যানেল আই-এর কর্ণধার ফরিদুর রেজা সাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, সাবেক সচিব কবি রাম চন্দ্র দাস ও কবি আমিরুল ইসলামসহ গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা দীপ্তি চৌধুরী ছোটবেলা থেকেই আবৃত্তি, বিতর্ক ও উপস্থাপনায় অসাধারণ পারদর্শিতা দেখিয়ে আসছেন। হলিক্রস কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৬ সালে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে তিনি জাতীয় পর্যায়ে 'বছরের সেরা স্বর্ণকিশোরী' নির্বাচিত হন।
আন্তর্জাতিক মঞ্চে সুইজারল্যান্ডের জেনেভায় পুষ্টি সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, জাতিসংঘ ফুড সিস্টেম সামিট ২০২১-এ তরুণ প্রতিনিধি হিসেবে কাজ করা এবং বর্তমানে খাদ্যব্যবস্থা বিষয়ক গলোবাল ক্যাম্পেইনের নেতৃত্বে থাকা দীপ্তি চৌধুরী দেশের লাখো কিশোর-কিশোরীর কাছে এক ভরসা ও অনুপ্রেরণার নাম। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত কিশোর বয়সীদের নিয়ে তার লেখা উদ্দীপনামূলক বই 'দীপ্ত কৈশোর'-ও পাঠকমহলে বেশ সাড়া ফেলেছিল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more