বাউফলে অপপ্রচারের অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন, ন্যায়বিচার দাবি
নভেম্বর ০৬, ২০২৬, ১০:৪৭ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৬, ২০২৬, ১০:৪৭ এ.এম
বাউফলে অপপ্রচারের অভিযোগে প্রবাসীর সংবাদ সম্মেলন, ন্যায়বিচার দাবি
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিজের ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইতালি প্রবাসী মো. রফিকুল ইসলাম হাওলাদার। এসব প্রচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাউফল বাজার রোডে অবস্থিত বিডি ২৪ ডটকম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রফিকুল ইসলাম। এ সময় তাঁর স্ত্রী মরিয়ম আক্তার ও ছোট ভাই মোতাছিন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। পৈতৃক সম্পত্তি ও ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ২০২৩ সালের ২৫ মার্চ একটি অনলাইন গণমাধ্যমে এবং ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় একটি পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে একপেশে ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। সর্বশেষ গত ৪ নভেম্বর মো. নাসির হাওলাদার নামে এক ব্যক্তি নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করে তাঁকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করেন। এসব সংবাদ ও ভিডিও প্রকাশের আগে তাঁর কিংবা তাঁর পরিবারের কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন প্রবাসী নাগরিক। কারও কাছে অনৈতিক কোনো সুবিধা চান না। পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১৯ অক্টোবর বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
অভিযোগের বিষয়ে মো. নাসির হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘অপরাধ বিচিত্রা’য় কাজ করেন বলে দাবি করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে নাসির হাওলাদারের ছোট ভাই জাহিদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সম্মেলনটিকে ভুয়া বলে আখ্যায়িত করেন বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more