বাউফল
(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর
বাউফলে ২০২৫-২৬ অর্থবছরে সরকার নির্ধারিত আমন ধান সংগ্রহ কর্মসূচির আওতায় নিম্নমানের
চাল গুদামজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের
চাল খাদ্যগুদামে মওজুদ করা হচ্ছে। জানা
গেছে, উপজেলার বগা খাদ্যগুদামে শুক্রবার সকাল ৭টা থেকে বিভিন্ন অটোমিল থেকে চাল সরবরাহ
শুরু হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় সোনাই, গনি ও সুচিত্রা অটোমিলের মালিকরা উপজেলা খাদ্য
কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে সরকারি ছুটির দিনে নিম্নমানের চাল গুদামজাত করেন। এ সময়
স্থানীয় কয়েকজন বাসিন্দা বাধা দিলেও গুদাম কর্তৃপক্ষ তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন
তারা। খাদ্য
বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাউফল উপজেলায় সরকারিভাবে মোট ১ হাজার
৪৬১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয়
চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে নির্ধারিত মান বজায় রেখে চাল সংগ্রহের কথা রয়েছে। সরকার
নির্ধারিত নীতিমালা অনুযায়ী, আর্দ্রতা, ভাঙা চালের পরিমাণ ও মান যাচাই শেষে খাদ্যগুদামে
চাল মওজুদ করার বিধান রয়েছে। স্থানীয়দের
অভিযোগ, গুদামে সরবরাহ করা চালের মধ্যে অতিরিক্ত ভাঙা চাল, রঙ পরিবর্তিত ও নিম্নমানের
ধান থেকে উৎপাদিত চাল রয়েছে। এতে সরকারি খাদ্য মজুদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ
বিষয়ে বগা খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. আজাদ বলেন, সরকারি নিয়ম মেনেই
চাল গ্রহণ করা হচ্ছে। সঠিক তাপমাত্রা ও মান যাচাই শেষে ভালো মানের চাল গুদামজাত করা
হচ্ছে। তবে
অভিযোগ অস্বীকার করলেও স্থানীয়দের দাবি, চাল গ্রহণে যথাযথ তদারকি হয়নি এবং প্রভাবশালী
মিল মালিকদের সুবিধা দিতে নিম্নমানের চাল গ্রহণ করা হয়েছে। এ
বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more