বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে জমি দখল ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এক পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, অন্যদিকে প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ অস্বীকার করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় স্থানীয় হিন্দু-মুসলিম পরিবারের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় হারুন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের বসতভিটা ও কৃষিজমি দখল করে আসছেন। তার ভয়ে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়। এ সময় ভুক্তভোগী বিভা রানী, কল্পনা রানী ও আল আমীন মৃধাসহ অন্যান্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। পরে বিক্ষোভ মিছিলও করা হয়। একই দিন বিকেল ৫টার দিকে বাউফল হাসপাতাল রোডস্থ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার ছোট ভাই আল আমীন মৃধা পরিকল্পিতভাবে এই মানববন্ধনের আয়োজন করেছেন। হারুন অর রশিদ বলেন, “সম্প্রতি ঘুচর কাটিগ্রামে আমাদের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই নাশকতামূলক কর্মকাণ্ডকে আড়াল করতেই এই মিথ্যা মানববন্ধন সাজানো হয়েছে। আমার দখলে থাকা সমস্ত জমির বৈধ দলিলপত্র আমার কাছে রয়েছে।” সংবাদ সম্মেলনে হারুন মৃধার মা উপস্থিত থেকে অভিযোগ করেন, তাদের পরিবারের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। জমিজমা নিয়ে একই পরিবারের এই ভ্রাতৃঘাতী বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগে ধুলিয়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more