আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইলের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

Date: 2026-03-16
news-banner

অনলাইন ডেস্ক:
মাদারীপুরের কালকিনি উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেতু (১৪) কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি কাশিমপুর গ্রামের বাসিন্দা দুলাল ঘরামীর মেয়ে।
পরিবারের দাবি, একই বিদ্যালয়ের ছাত্র কাইফ (১৪) সেতুর কিছু আপত্তিকর ছবি তুলে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করছিল। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সেতু আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন স্বজনরা। কাইফ দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের উজ্জলের ছেলে।
সেতুর বাবা দুলাল ঘরামী অভিযোগ করে বলেন, আমার মেয়ের আপত্তিকর ছবি তুলে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি চাই।
পরিবারের সদস্যরা আরও দাবি করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর রয়েছে এবং পুলিশকে প্রভাবিত করারও চেষ্টা করা হচ্ছে। এছাড়া তারা অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 
তথ্যসূত্র: বিডিপ্রতিদিন
বিডিফেস

Leave Your Comments